বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী বাড্ডা থানার ৩৭ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে বাড্ডার ইউসুফ স্কুল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (২৬ অক্টোবর) ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিয়ষটি নিশ্চিত করেন।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, ভিকটিম এমদাদুল গত ২০ জুলাই সকাল আনুমানিক সাড়ে ১০টায় উত্তর বাড্ডার এএমজি হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করে। ওই শান্তিপূর্ণ আন্দোলনকে নস্যাৎ করার উদ্দেশে আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বিচারে গুলি চালায়। তাদের গুলিতে এমদাদুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর নিহত এমদাদুলের চাচাতো ভাই সাইফুল ইসলামের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় মিজানকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে গ্রেফতার মিজান ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।
প্রসঙ্গত, গ্রেফতার মিজান ২০২২ সালের বাড্ডা থানার একটি প্রতারণা মামলার এজাহার নামীয় আসামি।