ইয়াছিন হত্যা মামলায় আ.লীগ নেতা মন্টু মিয়া গ্রেফতার

রাজধানীর বংশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইয়াছিন আহম্মেদ রাজ হত্যা মামলায় ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ ছিন্নমূল হকার্স লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়াকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে বংশাল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৩০ অক্টোবর) বিকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৫ আগস্ট বংশাল থানার নয়াবাজারে নবাব ইউসুফ সড়কে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন ইয়াছিন। এসময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ইয়াছিন গুরুতর আহত হন। তাকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ইয়াছিনের মা সাহিদা বেগম বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর বংশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে মন্টু মিয়াকে গ্রেফতার করা হয়।