কারাগারে সোলাইমান সেলিম, রিমান্ড শুনানি পরে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. রাকিব হাওলাদারকে গুলি করে হত্যার অভিযোগে চকবাজার থানার মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মো. সোলাইমান সেলিমকে কারাগারে পাঠানো হয়েছে। আগামি ২৭ নভেম্বর রিমান্ড তার শুনানির তারিখ ধার্য করা হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত এ আদেশ দেন।

এদিন মো. সোলাইমানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (এসআই) মো. আবুল খায়ের। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে এ মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে ২৭ নভেম্বর রিমান্ড শুনানির তারিখ ঠিক করেন।

বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলায়মান সেলিমকে গ্রেফতার করে চকবাজার থানা-পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট সকালে রাজধানীর চাঁনখারপুল মোড়ে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে বিদ্ধ হন রাকিব হাওলাদার। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাধা দেয়। পরে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে বেলা পৌনে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর নিহতের বাবা মো. জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে চকবাজার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।