বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনিরআখড়ায় জোবায়ের ওমর খানের মৃত্যুর মামলায় রাঙ্গামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম আফনান সুমি তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আজ ওই দুই জনকে তদন্ত কর্মকর্তার হেফাজত থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল সরদার কারাগারে পাঠানোর আবেদন করেন। জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত ১৩ নভেম্বর রাতে বরিশাল মহানগর এলাকা থেকে আলেপ উদ্দিনকে গ্রেফতার করে বরিশাল ডিবি পুলিশ। এর পরের দিন তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিকে ১৩ নভেম্বর মহিউদ্দিন ফারুকীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিন ভোরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাঙ্গামাটি জেলার কাউখালী (বেতবুনিয়া) এলাকা মহিউদ্দিন ফারুকীকে গ্রেফতার করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় জোবায়ের ওমর খান গুলিবিদ্ধ হন। স্যার সলিমুল্লাহ্ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ট) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা করেন জোবায়ের ভাই।