ছাত্র আন্দোলনে হামলার মামলায় মিরপুরে মহিলা আ.লীগের ৫ নেত্রী গ্রেফতার

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মহিলা আওয়ামী লীগের পাঁচ নেত্রীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে পল্লবী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন, পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রী মোছা. বাবলী বেগম (৪৩), ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন যুথি (৩৮), ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোছা. রিতা আক্তার (৪০), ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমা আক্তার সাথী (৩০) ও ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মোছা. খাদিজা বেগম (৩৪)।

পুলিশ কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ৪ আগস্ট বিকাল সাড়ে ৩টার দিকে পল্লবী থানার মিরপুর-১০ পপুলার-২ ডায়াগনস্টিক সেন্টারের সামনে সরকার পতনের একদফা দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন মো. আবিদ। আন্দোলনে দেশীয় অস্ত্র, পিস্তলসহ অন্যান্য আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আবিদের ডান চোখে গুলিবিদ্ধ গুরুতর আহত হয়। পরবর্তী সময়ে তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আবিদের ভাই জিন্নাত সাঈদী পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আন্দোলনে হামলার ঘটনায় জড়িত বাবলী বেগম, সাবিনা ইয়াসমিন যুথি, রিতা আক্তার, নাজমা আক্তার সাথী ও খাদিজা বেগমকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।