রাজধানীর কদমতলী এলাকায় দিনমজুর মাহবুব হত্যা মামলার প্রধান আসামি শাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (৮ ডিসেম্বর) বিকালে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে র্যাব-১০ তাকে গ্রেফতার করে।
সোমবার (৯ ডিসেম্বর) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৩০ আগস্ট সন্ধ্যায় দিনমজুর মাহবুব তার এক বন্ধুর সঙ্গে কদমতলী মুরাদপুর হাইস্কুলের সামনে একটি বাসায় যান। এসময় গ্রেফতার মো. শাহাব উদ্দিন (৩৬) ও অন্য আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে তাকে অতর্কিতভাবে চাইনিজ কুড়াল, সুইচ গিয়ার চাকু ও কিরিচ দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। এরপর শাহাব উদ্দিনসহ অপর আসামিরা গুম করার উদ্দেশ্যে মাহবুবকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় কদমতলীর পাটেরবাগ এলাকায় ফেলে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা সেখানে গিয়ে মাহবুবের গলাকাটা লাশ দেখতে পান। পরে মাহবুবের ভাই মো. ফজর আলী বাদী হয়ে রাজধানীর কদমতলী থানায় শাহাব উদ্দিনসহ ৯ জন এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
বিষয়টি জানতে পেরে র্যাব-১০ এর একটি দল হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি শুরু করে। তারই ধারাবাহিকতায় রবিবার বিকালে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকায় একটি অভিযান চালিয়ে শাহাব উদ্দিনকে (৩৬) গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছে বলেও জানান র্যাব কর্মকর্তা। গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।