কামরাঙ্গীরচরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচরে সামিয়া আক্তার সুগন্ধা (১৭) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১টার দিকে কামরাঙ্গীরচর কয়লাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম এ তথ্য জানান।

সামিয়ার নানা বাকের হোসেন খোকন জানান, স্থানীয় আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ে পড়তো সামিয়া। গত বছর এসএসসিতে এক বিষয়ে অকৃতকার্য হয়েছিল। এবার তার আবারও এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। তার বাবা ডালিম মাসুদ সাত বছর আগে থেকে তাদের রেখে দ্বিতীয় পরিবার নিয়ে অন্যত্র থাকেন।

তিনি বলেন, মা রুনা বেগম ও বড় ভাই অনিকের সঙ্গে কামরাঙ্গীরচর কয়লাঘাট বেরিবাধ এলাকায় ভাড়া বাসায় থাকতো সামিয়া। ঘটনার দুই দিন আগে তার মা এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। বাসায় ছিল দুই ভাই-বোন।

তিনি আরও বলেন, সামিয়া শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিল। তার বাবার সঙ্গে যোগাযোগ করলেও তিনি কথা বলতেন না। এসব বিষয় নিয়ে মানসিক অবসাদ ছিল। সে কারণে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করতে পারে।

এসআই আব্দুর রহিম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওই শিক্ষার্থী সোমবার রাতে নিজ কক্ষে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, মঙ্গলবার সকালে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই শিক্ষার্থী কী কারণে আত্মহত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।