হত্যাচেষ্টা মামলা: সাবেক কাউন্সিলর তৈমুর রেজা রিমান্ডে

রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় মো. সোহেল নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা উত্তর সিটির ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৈমুর রেজা খোকনের (৫৬) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৬ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। এদিন আসামিকে আদালতে উপস্থিত করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রুপন চৌধুরী। অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে আসামি পক্ষের আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করে একদিনের রিমান্ড দেন বিচারক।

রবিবার (১৫ ডিসেম্বর) রাতে রাজধানী থেকে তৈমুর রেজা খোকনকে আটক করে ডিবি পুলিশ। এরপর হাতিরঝিল থানা তাকে গ্রেফতার দেখায়।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে হাতিরঝিল থানার ঝিলপাড় এলাকায় গুলিবিদ্ধ হন মো. সোহেল। এরপর চিকিৎসা শেষে গত ২৪ আগস্ট রাজধানীর হাতিরঝিল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে হত্যাচেষ্টা মামলা করা হয়।