কক্সবাজার থেকে ঢাকায় এনে ইয়াবা বিক্রি, গ্রেফতার ৪

কক্সবাজার থেকে রাজধানী ঢাকায় আনা চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের লালবাগ বিভাগ। গ্রেফতাররা হলো- তরিকুল ইসলাম ওরফে রুবেল ওরফে ফরিদ (৪০), মো. সাদ্দাম হোসেন (৩৩), রাহিদুল ইসলাম হৃদয় (৩১), সঞ্জয় চন্দ্র দাশ ওরফে সমীর দাশ (৩৮)।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে মতিঝিল আরামবাগের লন্ডন এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। রাতে এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানানো হয়, শনিবার সকালে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, কক্সবাজার থেকে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার উদ্দেশে ঢাকায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম এবং সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিম ঘটনাস্থলে অবস্থান নিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছে ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করে। গ্রেফতাররা অনেকদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকা এনে বিক্রি করে আসছে বলেও জানান গোয়েন্দা পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।