ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

নারায়ণগঞ্জের ফতুল্লায় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে পরিচালনা করা হয়েছে একাধিক অভিযান। এসময় আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে সংযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে বৃহস্পতিবার তিতাসের ফতুল্লা জোনাল অফিসের আওতাধীন নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড় এলাকায় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে আকস্মিক একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে তিতাস গ্যাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে ফতুল্লার ভূইগড় এলাকার আনিকা ওয়াশিং প্ল্যান্টের ১টি ৩০০ কেজি বয়লার, ৪টি ড্রায়ার; রাকি স্পেশাল চানাচুর ফ্যাক্টরির বার বার্নার, স্টার বার্নার; এনএস ওয়াশিং প্ল্যান্টের ৪টি ড্রায়ার; সূচি প্রিমিয়াম বেকারির ৪টি ওভেন, ১টি টানেল ও ১টি স্টার বার্নারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস লাইন উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে ৪টি স্পটে মোট ৬ হাজার ৪৪৫ ঘনফুট অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানকে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।