রাতেও শহীদ মিনারে অবস্থান করছেন বিডিআর সদস্যরা

তিন দফা দাবিতে রাতেও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও ভুক্তভোগীদের পরিবার। রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত এবং কারাবন্দিদের মুক্তিসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন বলে জানান। রাত সাড়ে এগারোটায় খোঁজ নিয়ে জানা যায় তারা তখনও অবস্থান করছেন।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে— পিলখানা হত্যাকাণ্ডে দণ্ডিত বিডিআর সদস্যদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা।

IMG-20250108-WA0006এরআগে পূর্ব-ঘোষণা অনুযায়ী বুধবার সকাল ১০টার দিকে বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা ও কারাবন্দি সদস্যদের স্বজনেরা কেন্দ্রীয় শহীদ মিনার জড়ো হন। পরে সেখান থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শাহবাগের দিকে এলে পুলিশ তাদের আটকে দেয়। পরে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকারের নেতৃত্বে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যান। আর অন্যদের মধ্যে একটি অংশ শাহবাগ থানা সংশ্লিষ্ট সড়কে অবস্থান নেন, আরেকটি অংশ শহীদ মিনারে ফিরে যান।

বুধবার রাতে শহীদ মিনারে অবস্থানের বিষয়ে জানতে চাইলে সাবেক বিডিআর সদস্য কে এ রাজ্জাক বলেন, আমরা দাবি আদায় না করে ঘরে ফিরে যাবো না, আমরা ন্যায়বিচার ছাড়া ঘরে ফিরবো না। আমরা এই শীতের রাতেও অবস্থান করছি এখানে ন্যায় বিচারের জন্য।

বাড়ি থেকে সবাই নিজ নিজ শীতের কাপড় নিয়ে আসায় শীতে তেমন একটা সমস্যা হচ্ছে না বলেও জানান তিনি।