রাজনীতির সঙ্গে জড়িত নয়, কিন্তু মিথ্যা আওয়ামী লীগের নেতা বানিয়ে সাজানো মামলায় চৌদ্দগ্রামের চান্দিশকরা এলাকার বাসিন্দা ব্যবসায়ী মো. ইসহাক দুলালকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী ও তার স্বজনরা। ইসহাক দুলালের মুক্তির দাবিও জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যবসায়ী ইসহাক দুলালকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে ইসহাক দুলালের ছোট ভাই ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) এম এ কুদ্দুস বলেন, ‘আমার বড় ভাই কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। তার বিরুদ্ধে দায়ের করা এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তাকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে।
ইসহাক দুলালের জামাতা সালাউদ্দিন খন্দকার বলেন, গত বছরের ২২ ডিসেম্বর শাহজাদপুর থানায় (মামলা নম্বর ১১(১০)(২৪) মিথ্যা মামলা দায়ের করে তাকে বাসা থেকে গ্রেফতার করা হয়। মামলার এজাহারে লেখা হয়েছে তাকে মিন্টু রোড থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে কুমিল্লার চৌদ্দগ্রাম ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। আসলে তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না।
ইসহাক দুলালের ছেলে ইমরান হোসেন বলেন, মামলার বাদী সৈয়দ হাসান মাহমুদ আমার বাবাকে চেনেন না। আমরাও তাকে চিনি না। আমরা তার সঙ্গে যোগাযোগ করলে বলেন, কোনও এক বড় ব্যবসায়ী বাবার নামে মামলা করার জন্য বলেছেন। একজন প্রভাবশালী ব্যক্তি ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই নামটি দিয়েছে। বাবার মিথ্যা মামলা থেকে রেহাই পেতে মাননীয় আইন উপদেষ্টা ও মাননীয় প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি।
মানববন্ধনে চৌদ্দগ্রাম হোসাইনিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষক ছাত্ররাসহ চান্দিশকরা এলাকার বাসিন্দারাও উপস্থিত ছিলেন।