সাত দফা দাবি আদায়ে ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস)। এই সমাবেশে সারা দেশ থেকে দলিল লেখকরা এসে উপস্থিত হবেন বলে জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
শনিবার (১৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ বাদলেসের মহাসচিব এম এ রশিদ।
তিনি বলেন, ‘আমাদের দাবিগুলো দীর্ঘদিন ধরে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আসছি। কিন্তু দাবির বিষয়ে সরকারের উদাসীনতা আছে। আমাদের দাবিগুলো অন্তর্বর্তী সরকারের কাছে জানাতে চাই। এ লক্ষ্যে আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে সমাবেশের আয়োজন করা হবে।’
তাদের দাবিগুলো হলো—
১. দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না।
২. সাবেক আইনমন্ত্রী প্রতিশ্রুত দলিল প্রতি সম্মানী ন্যূনতম ৪ হাজার টাকা বাস্তবায়ন করতে হবে।
৩. লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ দলিল লিখতে বা মুসাবিদা করতে পারবে না বলে প্রজ্ঞাপন জারি করতে হবে।
৪. থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে।
৫. যেহেতু পক্ষদের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখা বা মুসাবিদাকারক হিসেবে দলিল লেখকদের আসামি করা যাবে না।
৬. দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স দেওয়া যাবে না বলে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলিল লেখক সমিতির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।