বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মশিউর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার সাব-ইন্সপেক্টর আশরাফুল ওমর তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামির পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর সায়েন্সল্যাব থেকে মশিউর রহমানকে গ্রেফতার করে পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ঢাকার নিউমার্কেট থানাধীন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা (বিসিআইএসআর) পরিষদে ভাংচুর ও অগ্নিসংযোগ করে এজাহারনামীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফলে প্রতিষ্ঠানটির ৪ কোটি ৩ লাখ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহাগ মিয়া গত ২৫ নভেম্বর নিউমার্কেট থানায় মামলা করেন।