রাজধানীর নিউমার্কেট এলাকায় কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলা করে ছাত্রদল নেতা মিথুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে করা হত্যাচেষ্টা মামলায় মো. বশির ইসলাম (২৮) নামে একজনকে ১ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আর গ্রেফতার বাকি ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে যাওয়া আসামিরা হলেন– মো. হাসান (২১), মো. ইমন (২৫), মো. মাসুম মাহমুদ (৩২), মো. আলামিন (৩০), মো. আকবর আলী (২১)।
শুক্রবার (২৪ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। এ দিন ৬ জন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও নিউমার্কেট থানার উপপরিদর্শক মো. এরশাদ হোসাইন ৩ দিনের রিমান্ড আবেদন করে। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। আদালত ১ জনের রিমান্ড মঞ্জুর করেন, আর বাকি পাঁচজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
আজ ভোরে নিউমার্কেট থানার সামনে থেকে আসামিদের গ্রেফতার করে পুলিশ।
মামলার সূত্রে জানা গেছে, আজ (শুক্রবার) ভোর ৪টার দিকে একটি মামলার গ্রেফতার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোসাইন ওরফে মিথুনকে (৩৫) নিউমার্কেট থানার গেটে আনলে এজাহারনামীয় আসামিরা কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর লাঠি, লোহা, রড, চাপাতি নিয়ে হামলা করে। আসামিদের আক্রমণে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ সুপার তারিক লতিফসহ কয়েকজন পুলিশ সদস্য মারাত্মকভাবে জখম হন। এ ঘটনায় নিউমার্কেট থানার উপপরিদর্শক মো. ওমর ফারুক ১৪ জন এজাহারনামীয় ও ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে পুলিশের কর্তব্য পালনে বাধা দান ও হত্যাচেষ্টার মামলা করেন।
আরও পড়ুন:
ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে নিউমার্কেট থানায় হামলা, এসিসহ আহত ৫