ডিবি হারুন ‘সিন্ডিকেটের প্রধান’ আবু সাদেক গ্রেফতার 

ব্যবসায়ীকে অপহরণ করে ডিবি অফিসে নিয়ে ৬ কোটি টাকা চাঁদা আদায় চেষ্টার মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান হারুন অর রশিদের ‘সিন্ডিকেটের প্রধান’ হিসেবে পরিচিত এস এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেককে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানা এসআই আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গত ২১ জানুয়ারি আদালতের দেওয়া নির্দেশনায় ২৩ জানুয়ারি রমনা থানায় মামলা দায়ের করেন অপহরণের ভুক্তভোগী জুলফিকার আলী নামের এক ব্যবসায়ী।  মামলার আসামিরা হলেন, আবু সাদেক, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিসি ডিবি গোলাম সবুর, তৎকালীন একজন অতিরিক্ত ডিআইজি, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ ও আবু সাদেকের ম্যানেজার মো. শামিম।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ২০২৩ সালে ১৩ ফেব্রুয়ারি ব্যবসায়ী জুলফিকারকে অপহরণ করে ডিবি কার্যালয়ে নিয়ে যান। সেখানে তাকে নির্যাতন করে ৬ কোটি টাকা দাবি করা হয়। টাকা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়। পরবর্তীতে আরও দুবার ডিবি কার্যালয়ে এবং ধানমন্ডির ১ নম্বর রোডে অবস্থিত ড্রিমস বিউটি পার্লার ও ফিটনেস ক্লাবে নিয়ে নির্যাতন করা হয়।

ওই বিউটি পার্লারটি আবু সাদেকের সিন্ডিকেটের সদস্যদের আড্ডার স্থান। সেখানে বসে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণসহ আসামিরা বিভিন্ন অপহরণ ও চাঁদাবাজির পরিকল্পনা করতেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।