বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এ ব্লকে এই আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ব্যাসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স ভবনের সামনে আয়োজিত এই পূজা উৎসবে ছিল পূজা-অর্চনা, অঞ্জলি দেওয়া, প্রসাদ বিতরণ, অতিথি আপ্যায়ন, আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘সরস্বতী পূজা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংগতিপূর্ণ। সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানাই। আমার গ্রামের বাড়ির পাশেই রয়েছে দাস বাড়ি, কবিরাজ বাড়ি, ধোপা বাড়ি। আমার ছেলেবেলায় সেসব বাড়ি থেকে সন্ধ্যায় উলুধ্বনি শুনতাম। একটু পরে আবার মসজিদ থেকে শুনতাম আজান, এটাই আমাদের ঐহিত্য, যা আজও বহমান। আজান ও উলুধ্বনি বাংলাদেশের ঐতিহ্য। এ দেশে হিন্দু-মুসলমান সম্পর্ক অনেকটা পরিবারের মতো।’
উপাচার্য তার বক্তব্যে প্রতিষ্ঠান ও দেশ সুষ্ঠুভাবে পরিচালনায় সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থান, সুসম্পর্ক বজায় রাখা ও ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
সার্বজনীন এই উৎসবে আরও ছিলেন– বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. মো. শেখ ফরহাদ, সরস্বতী পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. সুশংকর কুমার মন্ডল প্রমুখ।