সাবেক এমপি আবদুল মজিদ খান গ্রেফতার

হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুল মজিদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ৷ সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। 

তিনি জানান, হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলা রয়েছে। হবিগঞ্জের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে৷ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আব্দুল মজিদ খান ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

আব্দুল মজিদ খান হবিগঞ্জ জেলা জজ কোর্টের একজন আইনজীবী। হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।