মালিবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

রাজধানীর মালিবাগে বিকাশ থেকে টাকা তুলে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু রায়হান ইভান (২২) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা সেমিস্টারের ৪৫ হাজার টাকা ও একটি নোকিয়া মোবাইল নিয়ে যায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির  ইনচার্জ মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরের বেশ কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

আহতের বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানা এলাকায়। তিনি কলাবাগান নতুন থানার বিপরীত পাশে একটি ভবনের ছয় তলায় ভাড়া থাকেন।

আহত শিক্ষার্থী আবু রায়হান বলেন, মালিবাগের বাংলাদেশ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিআইএসটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে দ্বিতীয় সেমিস্টারে পড়ি। সেমিস্টার ফাইনালের পেমেন্ট দেওয়ার জন্য বিকাশ থেকে ৪৫ হাজার টাকা তুলি। এগুলো নিয়ে ক্যাম্পাসে যাওয়ার সময় চার যুবক ধারালো অস্ত্র নিয়ে আমার গতিরোধ করে। পরে আমাকে কুপিয়ে ৪৫ হাজার টাকা এবং প্রায় এক লাখ টাকা দামের একটি ফোন নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে এক বন্ধুর সহযোগিতায় হাসপাতালে যাই।

তিনি বলেন, ছিনতাইকারীরা আমার সেমিস্টারের টাকা নিয়ে গেছে। আমি পরীক্ষা দিতে পারবো কী না, তা এখন বড় চিন্তার বিষয়।