এমসি কলেজে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বিচারের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সিলেটের এমসি কলেজের শিক্ষার্থীর ওপর ছাত্রশিবিরের মারধর ও রগ কাটতে চাওয়ার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টায় ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, ‘ক্যাম্পাসের ত্রাস খ্যাত ছাত্রলীগকে ৫ আগস্টের সময় বিতাড়িত করেছিলাম। আমরা ৫ আগস্টের পর দেখেছি বিভিন্ন ছাত্রসংগঠন শিক্ষা প্রতিষ্ঠানে আবারও সন্ত্রাসী কার্যক্রম চালু করছে। গতকাল দেখেছি সিলেটের এমসি কলেজের শিক্ষার্থীর ওপর শিবির হামলা চালিয়েছে। গত পরশু কুয়েটের শিক্ষার্থীদের ওপর ছাত্রদল হামলা চালিয়েছে। এ ধরনের হামলা-সন্ত্রাস শিক্ষার্থীরা আর দেখতে চায় না।’

তিনি শিবিরকে উদ্দেশ্য করে বলেন, ‘সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি দ্রুত প্রকাশ করুন। আপনাদের ওপর কোনও ধরনের সন্ত্রাস আমরা হতে দেবো না। গুপ্ত রাজনীতির বাইরে এসে শিক্ষার্থীবান্ধব ছাত্র সংগঠন হয়ে ফিরে আসুন।’

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেন, ‘৫ আগস্টের পর বাংলাদেশে আবার রাজনীতিতে সহিংসতা ফিরে আসছে। ছাত্রদের মত প্রকাশের স্বাধীনতার ওপর হামলা করা হয়েছে। গতকাল শিক্ষার্থীদের ওপর শিবির কর্মীদের হামলার তীব্র নিন্দা জানাই।’