আমির হোসেন আমুসহ নতুন মামলায় গ্রেফতার ৮

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, সাবেক এমপি সাদেক খান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ নতুন মামলায় আট জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন শুনানি শেষে এ আদেশ দেন।

বাকিরা হলেন– এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদ্দাসের খান জ্যোতি, সাবেক সহকারী কমিশনার রাজন সাহা, সাবেক ডিসি মশিউর রহমান ও ঢাকা উত্তর মহিলা যুব লীগের সাধারণ সম্পাদক শামীমা আক্তার।

এদিন তাদের আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। পরে আদালত সেটি মঞ্জুর করেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, আমির হোসেন আমুকে খিলগাঁও থানার এক হত্যা মামলায় উত্তরা পূর্ব থানা জাবির ইব্রাহিম হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদার, মোহাম্মদপুর থানার মিরাজুল ইসলাম অর্নব হত্যা মামলায় সাদেক খান, আদাবর থানার এমব্রয়ডারি কর্মী মো. জাকির হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রামপুরা থানার এক মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে শাফি মোদ্দাসের খান জ্যোতিকে, বাড্ডা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহাকে বাড্ডা থানার মামলায়, একই থানার আরেক মামলায় সাবেক ডিসি মশিউর রহমানকে এবং যুব মহিলা লীগ নেত্রী শামীমা আক্তারকে তেজগাঁও থানার এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।