হোস্টেল থেকে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর নিউমার্কেট এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে আনিকা মেহেরুন্নেসা (সাহি) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আনিকা ঢাবির ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলার নতুন হাট গ্রামে। তিনি এলিফ্যান্ট রোডের মকসুদ টাওয়ারের একটি ছাত্রী নিবাসে থাকতেন। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সংবাদ পেয়ে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রি ঘটনাস্থলে যান। ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উদ্দিন জানান, আনিকা ওই হোস্টেলে কয়েকজন মেয়ে মিলে থাকতেন। প্রাথমিকভাবে জানা গেছে, প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে অন্য কোনও কারণ আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। 

মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।