দেড় হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদপুরে শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম পারভেজ।

বৃহস্পতিবার দিবাগত রাতে মোহাম্মদপুরের নবীনগর হাউসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বাসা থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা, ১৮ লাখ টাকা, চারটি পাসপোর্ট, ৯টি মোবাইল ফোন ও ১৮টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, পারভেজ দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় মাদকের বড় ডিলার হিসেবে সক্রিয় ছিল। এছাড়া সে একাধিক সন্ত্রাসী বাহিনী পরিচালনা করতো। জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিম র‍্যাবের হাতে গ্রেফতারের পর থেকেই পারভেজ তার নেটওয়ার্ক চালিয়ে আসছিল। 

উদ্ধার করা আলামতসহ আসামিকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।