বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ এনে বিক্ষোভ শুরু করা পরীক্ষার্থীরা রাজধানীর আসাদ গেট এলাকা থেকে সরে গেছেন। সেখান থেকে সরে গিয়ে শনিবার (১ মার্চ) সন্ধ্যা ৬টায় লালমাটিয়া মহিলা কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এতে আসাদ গেট এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে আজ বিকাল ৩টা থেকে লালমাটিয়া মহিলা কলেজের সামনে বিক্ষোভ শুরু করেন ওই কেন্দ্রের পরীক্ষার্থীরা। পরে সাড়ে ৫টার দিকে আসাদ গেট মোড়ে সড়ক অবরোধ করেন তারা। এতে মিরপুর রোড, মোহাম্মদপুর সড়ক ও মানিক মিয়া এভিনিউতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) কাদের আহমেদ বলেন, ‘আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষা ছিল। লালমাটিয়া মহিলা কলেজসহ বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে লালমাটিয়া মহিলা কলেজকেন্দ্রের পরীক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। আসাদ গেটে প্রধান সড়ক অবরোধ করেন তারা। পরে সন্ধ্যা ৬টায় সেখান থেকে সরে গিয়ে বিক্ষোভকারীরা লালমাটিয়া মহিলা কলেজের সামনে অবস্থান নিয়েছেন। তাদের অভিযোগের বিষয়টি এখনও সমাধান হয়নি।’
চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, ২০২৩ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০০টি ‘কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে সরকার ২০২৪ সালে চাকরির বয়সসীমা ৩২ বছর করায় চলতি বছরের জানুয়ারিতে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
শনিবার বিকাল ৩টায় রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও লালমাটিয়া মহিলা কলেজকেন্দ্রে বিকাল ৩টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ২ হাজার পরীক্ষার্থী প্রশ্নপত্র পাননি। এ সময় তারা জানতে পারেন, পরীক্ষার প্রশ্নফাঁস হয়েছে।
পরীক্ষার্থীরা বিষয়টি নিয়ে পরীক্ষাকেন্দ্রের সংশ্লিষ্টদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং পরীক্ষা বর্জন করে বিক্ষোভ শুরু করেন। প্রথমে কলেজের সামনের রাস্তায় অবস্থান নেন, পরে আবার কলেজের ভেতরে গিয়ে বিক্ষোভ চালিয়ে যান।
পরীক্ষার্থীদের অভিযোগ, এই নিয়োগ পরীক্ষার দায়িত্বে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনিস্টিটিউট (আইবিএ)। কিন্তু কীভাবে প্রশ্ন ফাঁস হলো, সে বিষয়ে আইবিএ কোনও ব্যাখ্যা দিতে পারেনি। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনও প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত হননি।
পরীক্ষা বাতিল এবং নতুনভাবে পরীক্ষা নেওয়ার দাবিতে পরীক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ তারা আসাদগেটে প্রধান সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।