বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর পিএস মো. মনোয়ার হোসেনকে (৫০) গ্রেফতার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) বিকালে ঢাকা জেলার ধামরাই এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বুধবার (৫ মার্চ) বিকাল তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেফতার মনোয়ার হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক ছিলেন। তিনি বিগত সংসদ নির্বাচনে ধামরাই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি ২০০৯-১০ সালে সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) ছিলেন।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতার মনোয়ার হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে মো. মনির হোসেন হত্যা চেষ্টার ঘটনায় আদাবর থানায় দায়ের করা একটি মামলার সন্দেহভাজন আসামি। মনির হোসেন বাদী হয়ে গত ২১ সেপ্টেম্বর আদাবর থানায় মামলাটি দায়ের করেছিলেন।