প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

পল্টন থানায় দায়ের করা প্রতারণা মামলায় প্রায় দুই কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাউফুন আলম চৌধুরী ওরফে শুভ (৩২) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (১৮ মার্চ) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

দীর্ঘ সময় পলাতক থাকার পর রবিবার (১৬ মার্চ) বাংলাদেশে ফেরার সময় সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি টিম ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুভকে গ্রেফতার  করা হয়।

পল্টন থানার মামলা সূত্রে জানা যায়, আসামি ও বাদী পূর্বপরিচিত ছিলেন। ব্যক্তিগত আস্থার সুযোগ নিয়ে বাদীর সঙ্গে ২০২২ সালে এই প্রতারণা করে আসামি।

মামলার এজাহার অনুযায়ী, রাউফুন আলম চৌধুরী বাদীর কাছ থেকে নগদ ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে উল্লিখিত টাকা ঋণ হিসেবে গ্রহণ করেন। তিনি টাকার বিপরীতে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি চুক্তিপত্র এবং ইস্টার্ন ব্যাংকের ৬টি চেক প্রদান করেন। কিন্তু পরে তিনি টাকা ফেরত না দিয়ে প্রতারণা করে মাধ্যমে দুবাই পালিয়ে যান। 

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে, এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।