ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আজকের মধ্যেই শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (২৬ মে) ইশরাকের আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এ নোটিশ পাঠান।
এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এ আবেদন করেছেন।
চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী জহিরুল ইসলাম মুসা।
এর আগে গত ২২ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করেন হাইকোর্ট। আদালত বলেন, রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয়। এই আদেশের ফলে ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।