‘ইলিশের বাড়ি চাঁদপুর অনলাইন শপ’, ‘চাঁদপুর ইলিশ বাজার’ ও ‘চাঁদপুর ইলিশ ঘাট’—এ ধরনের নানা নামে ফেসবুক পেজ খুলে অনলাইনে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এমন অভিযোগের ভিত্তিতে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম চক্রটির আট জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
২৬ ও ২৭ মে খুলনা, নড়াইল ও যশোরে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ২৫টি মোবাইল ফোন এবং ৭০টি অবৈধ ও ভুয়া সিম জব্দ করা হয়েছে।
গ্রেফতাররা হলেন আনাছ শেখ (২১), কামাল শেখ (২১), ইয়ানুর মোল্লা (২১), জোবায়ের হোসেন (২৩), রুবেল শেখ (২৯), সাগর হোসেন (২৩), মো. আলীনূর ইসলাম (১৮) ও শরিফুল ইসলাম (২১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে ফেসবুকে ভুয়া পেজ খুলে চাঁদপুরের তাজা ইলিশ মাছের ছবি ব্যবহার করে প্রতারণা করে আসছিল। তারা বিকাশ ও নগদের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ভুয়া সিম ও মোবাইল ফিন্যান্সিয়াল অ্যাকাউন্ট খুলে প্রতারণার ফাঁদ পাততো।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে বলেও জানায় ডিবি।