রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে এক বছরের কারাদণ্ড ও ২৮ লাখ ৭২ হাজার টাকা অর্থ-দণ্ডপ্রাপ্ত আসামি মোস্তাক আহম্মেদকে (৫২) গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৩ জুলাই) গাবতলী এলাকায় তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিটিটিসি সূত্র জানিয়েছে, মোস্তাক আহম্মেদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে একটি মামলায় আদালত এক বছর কারাদণ্ড ও ২৮ লাখ ৭২ হাজার টাকা জরিমানার রায় দিয়েছিল। কিন্তু তিনি গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।
ডিসি তালেবুর রহমান জানান, গ্রেফতারের পর মোস্তাক আহম্মেদকে সংশ্লিষ্ট আইন অনুযায়ী দারুস সালাম থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।