রাজধানীর শ্যামলীতে চাপাতির ভয় দেখিয়ে শিমিয়ন ত্রিপুরা (৩০) নামে এক যুবকের সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও চাপাতি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— আল আমিন ও আসলাম। এর আগে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ কবির নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছিল। এ ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হলো।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, শ্যামলীতে এক যুবককে চাপাতি দেখিয়ে ছিনতাইয়ের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনার সঙ্গে জড়িত আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত শুক্রবার (১২ জুলাই) ভোর ৬টার দিকে শ্যামলী ২ নম্বর রোডে কাজী অফিসের দিক থেকে এক ব্যক্তি ছাতা হাতে হাঁটছিলেন। হঠাৎ তার পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে আসেন তিনজন। একজন নেমে পড়েন, বাকিরা মোটরসাইকেল ঘুরিয়ে সামনে এসে দাঁড়ান। এরপর তারা চাপাতির ভয় দেখিয়ে ওই ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ, ক্রেডিট কার্ড এবং অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেন। এমনকি তার শরীরের জামা ও জুতা খুলে নেওয়ার দৃশ্যও ফুটেজে দেখা যায়।
ভুক্তভোগী শিমিয়ন ত্রিপুরা জানান, তিনি ধামরাইয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং থাকেন শ্যামলীতে। ঘটনার দিন সকাল ৬টার দিকে তিনি বাসা থেকে সাভারের উদ্দেশে বের হন। শ্যামলীর মেরি গোল্ড ইন্টারন্যাশনাল স্কুলের পূর্ব পাশে পৌঁছালে তিন ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে এসে তার পথরোধ করে এবং চাপাতি দেখিয়ে সবকিছু ছিনিয়ে নেয়।