মতিঝিলে র‌্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে গ্রেফতার ৫

রাজধানীর মতিঝিল এলাকায় র‌্যাব পরিচয়ে ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্য। তারা হলো, আব্দুল মান্নান (৩৫), রিয়াদ হোসেন (৩৭), আব্দুল জলিল (৪০), মো. মতিউর রহমান ওরফে মতিন খাঁন ওরফে মতিন চোরা (৩৭) ও পরেশ অধিকারী (৩৫)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ডিএমপির মিডিয়া শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মতিঝিলের বলাকা চত্বর এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচ জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওয়ারি বিভাগ। তাদের কাছ থেকে দুটি কালো রঙের র‌্যাব লেখা কটি, একটি কালো রঙের ওয়াকিটকি এবং একটি হ্যান্ডকাফ উদ্ধার করে পুলিশ। এসব সামগ্রী ডাকাতির কাজে ব্যবহৃত হতো বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কিছু দুষ্কৃতকারী বলাকা চত্বর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সঙ্গে সঙ্গে ওয়ারী বিভাগের একটি চৌকস দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পাঁচ জনকে আটক করা হয়। এ সময় আরও চার-পাঁচ জন পালিয়ে যায়। গ্রেফতার বক্তিদের বিরুদ্ধে মতিঝিল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। মূলত ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলনকারী গ্রাহকদের লক্ষ্য করে কাজ করতো তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেজে টার্গেট করা ব্যক্তিদের কাছ থেকে টাকা লুট করে নেওয়াই ছিল তাদের কৌশল।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।