বর্তমানে শুধু ভোটার হালনাগাদ কার্যক্রমের সময় মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া যায়। তবে এখন বছরজুড়ে ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ দেওয়ার ক্ষমতা চায় নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।
সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) মাসিক সমন্বয় সভায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিষয়টি উপস্থাপন করেন। তার এই প্রস্তাবে একমত পোষণ করেন খুলনা, ফরিদপুর ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানান, ভোটার তালিকা হতে মৃত ভোটার কর্তন কার্যক্রম কেবল হালনাগাদের সময় করা হয়ে থাকে। কিন্তু এ কার্যক্রম সারা বছর চালু রাখা প্রয়োজন।
সভায় এ বিষয়ে নির্বাচন কমিশনের অনুমোদন গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।