রাজধানীর মোহাম্মদপুরে এক সাংবাদিকের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো— ইউসুফ, সিয়াম এবং জহুরুল। এই ঘটনায় ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) মোহাম্মদপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এরআগে, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে বছিলা রোডে তিনরাস্তা মোড়ে ওই সাংবাদিক ছিনতাইয়ের শিকার হন। পরে তিনি থানায় গিয়ে পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলেন।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিনতাইয়ে ঘটনা ও পুলিশের অসদাচরণ নিয়ে একটি পোস্ট দেন। যা ভাইরাল হয়।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে নড়েচড়ে বসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। পরে মোহাম্মদপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগীকে সহযোগিতা না করা এবং তার সঙ্গে অসদাচরণ করার অভিযোগে মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, এ ঘটনায় শুক্রবার দুপুরে পৃথক অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। যার মধ্যে রয়েছেন— এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল এবং আরও দু'জন পুলিশ সদস্য মাজেদুর রহমান ও মো. নুরুন্নবী।