দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রতিমন্ত্রী এবং রংপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা, তার ছেলে রাফাত রহমান জিতু, মেয়ে মালিহা তাসনিম জুঁই এবং পুত্রবধূ শাকিলা খানম কাকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (৪ আগস্ট) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এদিন সংস্থার পক্ষে সহকারী পরিচালক মনিরুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, মশিউর রহমান রাঙ্গা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পদপদবি ব্যবহার করে প্রভাব খাটিয়ে ভিন্ন কোনও উৎস হতে বা অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মশিউর রহমান রাঙ্গা ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে (রংপুর, ঢাকা ছাড়াও অন্যান্য এলাকায়) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। তারা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধানকাজ ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।