স্বর্ণসহ বিমানের ফ্লাইট পার্সার বিমানবন্দরে আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ পাচারের সময় আটক হয়েছেন বিমানের সিনিয়র ফ্লাইট পার্সার রুদাবা। এ সময় তার কাছ থেকে ২৩২ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের বার ও আইফোন জব্দ করা হয়। সোমবার বিকালে সৌদি আরব থেকে বিমানবন্দরে নামার পর তাকে আটক করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র আল মাসুদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা এ ধরনের ঘটনা শুনেছি। বিষয়টি দেখা হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। যদি সে দোষী হয় তবে তার বিরুদ্ধে বিমান বিধি মোতাবেক ব্যবস্থা নেবে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিমানবন্দরে দায়িত্বরত একটি গোয়েন্দা সংস্থা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ফ্লাইট পার্সার রুদাবার কাছে স্বর্ণ আছে। এমন তথ্যের ভিত্তিতে ফ্লাইট থেকে নামার পরপরই তার ওপর নজরদারি শুরু করে। এক পর্যায়ে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় রুদাবা তার কাছে থাকা দুটি স্বর্ণের বার ফেলে দেওয়ার চেষ্টা করলে কর্মকর্তারা সেগুলো জব্দ করেন। পরবর্তীতে বডি স্ক্যানারের মাধ্যমে কয়েকটি আইফোনও পাওয়া যায় তার কাছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।