রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার (৭ আগস্ট) দিনব্যাপী বিশেষ অভিযানে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— জাবির (২৫), মিঠু (১৯), আদর (২২), আনন (১৮), নয়ন (২০), হৃদয় (২৬), মেহেদী হাসান (২১), আল আমিন (২১), দিগন্ত (২২), জুয়েল (২৭), রায়হান (১৯), মনির (২৯) ও শাহীন (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অপরদিকে, আদাবর থানা সূত্রে জানা গেছে, একই দিনে পরিচালিত অভিযানে ৪ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মো. মামুন অর রশিদ ওরফে আবির (৩৫), কাজী মো. জায়েদ (৩২), মো. ইউনুছ (২২) ও মো. রুস্তম আলী (৫০)। এ সময় তাদের হেফাজত থেকে একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

ডিএমপি আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে— নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। শুক্রবার (৮ আগস্ট) তাদের আদালতে পাঠানো হয়েছে।