পাওনা পরিশোধের আশ্বাসে শ্রম ভবন ছাড়লেন শ্রমিকরা

বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধে প্রশাসনের আশ্বাসে শ্রম ভবন ছাড়লেন শ্রমিকরা। ফলে ৫ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টায় মুক্ত হয়েছেন অবরুদ্ধ কর্মকর্তারা।

সোমবার (১১ আগস্ট) রাত পৌনে ৮টায় বাংলা  ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবির হাওলাদার।

তিনি জানান, আগামী বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টায় গাজীপুরে মালিক-শ্রমিক ও প্রশাসনের তৃপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। 

তিনি বলেন, এর আগে সোমবার (১২ আগস্ট)  বিকাল সাড়ে ৩টা থেকে শ্রম ভবনের প্রধান ফটক আটকিয়ে কর্মকর্তাদের অবরুদ্ধ করেন গাজীপুরের সিজন্স ড্রেসেস লিমিটেড ও মিফফিক অ্যাপারেল লিমিটেডের কয়েকশ শ্রমিক। এ সময় আশপাশের সড়কে মিছিল করেন তারা। দাবি পূরণ না হলে সেখানে লাগাতার অবস্থানের ঘোষণা দিয়েছিলেন।

কবির হাওলাদার আরও  জানান, এই দুটি কারখানার শ্রমিক কর্মচারীদের মে মাসের ওভারটাইম, জুন মাসের ৩০ দিনের বকেয়া বেতন, জুলাই মাসের বকেয়া,  ঈদুল আজহার ৮১ শতাংশ বোনাস ও আইনগত পাওনা এবং মিফকিফ এ্যাপারেল লিমিটেডের বকেয়া বেতন ও রিজাইন করা শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে রবিবার (১০ আগস্ট) সকাল  থেকেই তারা সেখানে অবস্থান নিয়েছিলেন।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি শফিউল আলম জানান, মালিকপক্ষ বারবার কথা দিয়েও কথা রাখেনি। তাই বাধ্য হয়েই অসহায় শ্রমিকরা রাজপথে নামতে হন। তিনি বলেন, বৃহস্পতিবারের বৈঠকে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।