আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনে (ইসি) এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি দল।
সোমবার (১৯ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই নির্বাচন পর্যবেক্ষক সংস্থাটির প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠক শেষে আইআরআই-এর ডিরেক্টর স্টিফেন সিমা সাংবাদিকদের বলেন, ৯০ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে আইআরআই। আজকের বৈঠকে আমরা কী করতে পারি, তা নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। ইসি তাদের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছে।
তিনি বলেন, প্রাক নির্বাচনি পরিস্থিতি মূল্যায়ন নিয়ে ইসির সঙ্গে আলোচনা হয়েছে। তবে আমরা কোনও বিষয়ে সুপারিশ করিনি। আমরা সরাসরি নির্বাচন কমিশনকে কোনও সহায়তাও দেই না। তবে আমরা দলগুলোকে গণতন্ত্র ও সুশাসন নিয়ে কারিগরি সহায়তা দিয়ে থাকি।
এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ইতোমধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পন্ন করেছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তঃসংলাপ, নীতি নির্ধারণী সংলাপ, এমন নানা ধরনের কাজ করেছি।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কারিগরি সহায়তা অব্যহত রাখবো। আমরাদের ঢাকা সফরের উদ্দেশ্যই হচ্ছে— কীভাবে দলগুলোকে সহায়তা করা যায়। এ সহায়তা অব্যাহত থাকবে। এজন্য আমরা ইতোমধ্যে কমিশনের সঙ্গেও আলোচনা করেছি।
এ সময় ডেপুটি ডিরেক্টর ম্যাথ্যু কার্টার, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ উপস্থিত ছিলেন।