খাদ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে মন্ত্রণালয়ের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

খাদ্য উপদেষ্টা পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীকে বাংলাদেশে স্বাগত জানান। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি ভ্রাতৃপ্রতিম উভয় দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

খাদ্য উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পাকিস্তানের করাচী বন্দর থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্য কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। আগে পাকিস্তানি পণ্য তৃতীয় দেশের মাধ্যমে বাংলাদেশে আমদানি হতো। এত সময় এবং খরচ বেশি হতো। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী খাদ্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিসহ উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত  পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, খাদ্য সচিব মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।