সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী টুটু গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় সাবেক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহযোগী মোস্তাফিজুর রহমান টুটুকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিটের একটি দল তাকে গ্রেফতার করে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। মামলাটি তদন্ত করছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।

সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুটু বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন। তিনি সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন এবং আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা রাখেন। এছাড়া তদন্তে আরও প্রমাণ মিলেছে—নিহত ছাত্র আব্দুল্লা সিদ্দিকের হত্যাকাণ্ডে তিনি সরাসরি জড়িত ছিলেন।

গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আন্দোলনকারী আব্দুল্লা সিদ্দিক নিহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযোগ রয়েছে, আওয়ামীপন্থি সন্ত্রাসীরা তার মরদেহ গুমের চেষ্টা চালায়।

এ ঘটনায় আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল আদালতে অভিযোগ দায়ের করলে আদালতের নির্দেশে ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের হয়।

এ মামলায় এর আগে তাপসের আরেক সহযোগী এস এম কামাল হায়দারকে গত ১৫ মে এবং মো. খোরশেদ আলমকে ১৭ জুন গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

সিআইডি জানিয়েছে, টুটুকে আজ আদালতে সোপর্দ করা হবে এবং তার ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার রহস্য উদঘাটন, অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।