আমাদের নিয়ে নোংরা খেলা চলছে: আদালতে বৈষম্যবিরোধী নেতা মুন্না

৫০ লাখ টাকার চাঁদাবাজির মামলার পর এবার তেজগাঁও থানার এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবির মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঢাকা মহানগরের বহিস্কৃত আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্নাসহ চার জনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৭ আগস্ট) রিমান্ড শুনানি শেষে মুন্না বলেন, আমাদের ফাঁসানো হয়েছে। মামলায় অভিযোগকারীকে আমরা চিনি না। আমাদের নিয়ে নোংরা খেলা চলছে। আমরা ভেতরে আছি, জানি না কে ফাঁসাচ্ছে। আপনারা মিডিয়ার ভাইরা তদন্ত করে বের করেন।

ঢাকা চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সাংবাদিকদের উদ্দেশ্য এ মন্তব্য করেন তিনি।

আপন তিন আসামি হলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ঢাকা মহানগরের সাবেক সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ।

তারা বলেন, আমরা জুলাইয়ের হিরো ছিলাম। আজ আমাদের ভিলেন বানানো হয়েছে। বাদীদের জিজ্ঞেস করেন তারা আমাদের চেনে কিনা? আমরা জুলাইয়ের সঙ্গে কোনও গাদ্দারি করিনি। হয়রানি করার জন্য একের পর এক মামলা দেওয়া হয়েছে।

এদিন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক নাজমুল জান্নাত শাহ। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রিমান্ডের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। শুনানি শেষে বিচারক প্রত্যকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।