রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি ও মাদকসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান।
র্যাব প্রধান বলেন, বুধবার (২৭ আগস্ট) বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কদমতলীর রহমতবাগ এলাকার একটি ভাড়া বাসায় অস্ত্র ব্যবসায়ী ও মাদক কারবারিরা অবস্থান করছে। পরে র্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে ভবনটি ঘিরে ফেলে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, ওই ভবনের পঞ্চম তলায় মো. বাচ্চু মিয়ার ভাড়া ফ্ল্যাটে অস্ত্র ও মাদক ব্যবসায়ী মো. শুকুর হোসেন ওরফে শ্যুটার শুক্কুর (৪২) অবস্থান করছিল।
অভিযানের সময় প্রথমে আটক করা হয় বাচ্চু মিয়াকে (৩৮)। তার কাছ থেকে ৯৬ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে শুকুর হোসেন পালানোর চেষ্টা করে পাশের ভবনের ছাদে লাফ দেয়। তবে র্যাব সদস্যরা তাকে ঘিরে ফেলে এবং তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধার পিস্তলের একটি পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র। অস্ত্রটি শনাক্ত এড়াতে সিরিয়াল নম্বর ঘষে ফেলা ও বাট পরিবর্তন করা হয়।
র্যাব মহাপরিচালক আরও জানান, গ্রেফতার ব্যক্তিরা শুধু মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে নয়, চাঁদাবাজি, জমি দখল, সন্ত্রাস ও ভীতিপ্রদর্শনের মতো অপরাধেও জড়িত।
শ্যুটার শুক্কুরের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত চারটি মামলা রয়েছে। আগেও চারবার গ্রেফতার হয় সে। বাচ্চু মিয়ার বিরুদ্ধেও মাদক সংক্রান্ত দুটি মামলা রয়েছে।
শহিদুর রহমান বলেন, ৫ আগস্টের পর থানায় লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি এসব অস্ত্রের উৎস ও ব্যবহারকারীদের শনাক্ত করতে র্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে।