গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলা: র‌্যাবের অভিযানে গ্রেফতার ৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র ডাকাতদের হামলা ও গোলাগুলির ঘটনায় নয়ন, পিয়াস ও রিপন বাহিনীর প্রধানসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাজধানী ঢাকা ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৫ আগস্ট মুন্সীগঞ্জের গজারিয়ার জামালপুরে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পে ভয়াবহ সশস্ত্র হামলা চালায় ডাকাতচক্র। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরে ২৮ আগস্ট ঢাকা ও গাজীপুরে অভিযান চালিয়ে রিপন ডাকাতসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

এছাড়া ২৭ আগস্ট রাজধানীর কদমতলীর রহমতবাগ এলাকায় বিশেষ অভিযানে মো. শুকুর হোসেন ওরফে শ্যুটার শুক্কুরকে দুইটি আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে।

এর আগে, ১৭ আগস্ট মোহাম্মদপুরে দাঙ্গার সময় লুট হওয়া একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড তাজা গুলিসহ মো. সাইদুল ইসলাম ওরফে স্বপনকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাব মহাপরিচালক আরও জানান, গত ৫ আগস্টের পর থেকে অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ৩২৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পুলিশের ২৩০টি এবং র‌্যাবের ৯৩টি অস্ত্র রয়েছে। একইসঙ্গে ১৯ হাজার ৩০৪ রাউন্ড গুলি ও ১৫০টি ম্যাগাজিনও উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, “র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই হত্যা, চাঁদাবাজি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ও অপহরণসহ চাঞ্চল্যকর অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব আগামীতেও আরও কঠোর ও পেশাদার দায়িত্ব পালন করবে।”