‘মার্চ টু জাতীয় পার্টি অফিস’ কর্মসূচি ঘোষণা

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মার্চ টু জাতীয় পার্টি অফিস’ কর্মসূচি ঘোষণা করেছে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স। শুক্রবার (২৯ আগস্ট) রাতেই সংগঠনটির অফিশিয়াল পেজে দেওয়া পোস্টে সংক্ষিপ্তভাবে লেখা হয়— ‘মার্চ টু জাতীয় পার্টি অফিস।’

এর আগে আরও একটি স্ট্যাটাসে তারা জানায়, নুরুল হক নুরের ওপর সেনাবাহিনী এবং পুলিশি হামলার নিন্দা জানাই। ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

প্রসঙ্গত, এর আগে বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।