ঢাকাস্থ সাতক্ষীরা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. ইমরুল হায়দার এবং সাধারণ সম্পাদক হিসেবে এস এম আরিফুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) নবনির্বাচিত কমিটির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাতক্ষীরা আইনজীবী সমিতি, ঢাকা এর বার্ষিক সাধারণ সভা গত ২৮ আগস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্লাটিনাম লাউঞ্জে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র সমিতির আহ্বায়ক ব্যারিস্টার মো. ইমরুল হায়দার, সাবেক সভাপতি মো. শহিদুল হক, সাবেক সভাপতি মো. ছফেদ আলী রাশেদ, সাবেক সভাপতি ড. মো. ওয়াসেল উদ্দিন বাবু, বাংলাদেশ কংগ্রেস এর মহাসচিব মো. ইয়ারুল ইসলাম, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, মো. কারিমুজ্জমান, মো. তানভির আহম্মেদসহ অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন ব্যারিস্টার মো. ইমরুল হায়দার। এ সময় সঞ্চালক সবার উপস্থিতিতে সমিতির সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য আহ্বান জানালে আইনজীবী মো. কারিমুজ্জামান সাধারণ সম্পাদক হিসেবে আইনজীবী মো. এস এম আরিফুল ইসলামের নাম প্রস্তাব করেন।
পরবর্তীতে সাধারণ সম্পাদক হিসাবে আর কেউ প্রতিদ্বন্ধিতা না করায় এস এম আরিফুল ইসলাম সভার সদস্যদের সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে সঞ্চালক অত্র সমিতির সভাপতি নির্বাচনের জন্য আহ্বান জানালে ড. মো. ওয়াছেল উদ্দিন বাবু ও মো. শফিকুল ইসলাম সভাপতি হিসাবে প্রতিদ্বন্ধিতা করার আগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে সভায় সাবেক সভাপতি ও অন্যান্যরা আলাপ-আলোচনার মাধ্যমে সভাপতি হিসাবে ব্যারিস্টার মো. ইমরুল হায়দারকে নির্বাচিত করতে সম্মতি জ্ঞাপন করেন। ফলে সর্বসম্মতিতে ব্যারিস্টার মো. ইমরুল হায়দার সভাপতি নির্বাচিত হন।
পরে সমিতির সাবেক সভাপতি ও অন্য সদস্যরা মিলে আইনজীবী ড. মো. ওয়াছেল উদ্দিন বাবুকে সিনিয়র সহ-সভাপতি ও মো. শফিকুল ইসলামকে সহ-সভাপতি নির্বাচিত করেন। আর আইনজীবী মো. আব্দুল গফফার অত্র সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ নেতারা ঢাকাস্থ সাতক্ষীরা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।