বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা আব্দুল হালিম শেখকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তিনি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের ধানমন্ডি থানা ১৫নং ওয়ার্ড শাখার সভাপতি।
ধানমন্ডি থানায় দায়ের করা মামলার তদন্তে আব্দুল হালিম শেখের সম্পৃক্ততা পাওয়ায় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর মিরপুর সেকশন-২ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
তিনি জানান, গ্রেফতার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
তদন্তে আরও জানা গেছে, তিনি আন্দোলন দমন করার জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং কিশোরদের ওপর গুলিবর্ষণের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।
কিশোর আব্দুল্লার হত্যা ও মরদেহ গুমের অভিযোগ
উল্লেখ্য, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মাত্র ১৪ বছর বয়সী কিশোর আব্দুল্লাহ সিদ্দিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আন্দোলনকারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে অভিযোগ ওঠে, নিহত কিশোরের মরদেহ গুমের চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল আদালতে অভিযোগ করলে আদালতের নির্দেশে ধানমন্ডি থানায় মামলা দায়ের হয়।
সিআইডি জানিয়েছে, গ্রেফতার আব্দুল হালিম শেখকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হচ্ছে। মামলার গভীরতর তদন্ত ও অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।