বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলায় যুবলীগ নেতা মো. হেদায়েতুল ইসলাম আমিনকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর বংশাল থানাধীন সিক্কাটুলী লেন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সিআইডি জানিয়েছে, গ্রেফতারকৃত আমিন স্থানীয় কমিশনার ইলিয়াসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

উল্লেখ্য, গতবছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড় সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম।

ঘটনার পর নিহতের মা কিসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে এজাহারনামীয় আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. শামসুল আলম আরেফিন আরেকটি মামলা দায়ের করেন।

বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ পরিচালনা করছে।

গ্রেফতারকৃত আমিনকে আদালতে সোপর্দ করার পাশাপাশি রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।