মেট্রোরেল চলাচলের সময় কম্পনরোধে ব্যবহৃত বিয়ারিং প্যাড (শক অ্যাবজর্ভার প্লেট) ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে রাজধানীতে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে বলে একাধিক স্টেশনমাস্টার নিশ্চিত করেছেন। স্টেশনগুলোতে অবস্থানরত যাত্রীদের বাইরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, দুপুর ২টা ৬ মিনিটে ডিএমটিসিএলের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ‘কারিগরি/যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। সম্মানিত যাত্রীগণের চলাচলে সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ধৈর্য্যধারণ ও সহযোগিতার জন্য যাত্রীসাধারণের প্রতি অনুরোধ করা হলো।’
এর আগে, গত বছরের ১৮ সেপ্টেম্বর মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটে। এর ফলে সেদিন আগারগাঁও থেকে মতিঝিলে পর্যন্ত ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল।
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, মেট্রোরেলের লাইনের নিচে পিলারের সঙ্গে রাবারের এসব বিয়ারিং প্যাড থাকে। এগুলোর প্রতিটি বেশ ভারী।