বাগেরহাটের কচুয়া থানাধীন উত্তর মাধবকাঠি থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেখানে ১০ বছরের এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত আরমান শেখকে (২৫) গ্রেফতার করে।
রবিবার (২৬ অক্টোবর) বিকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এক বার্তায় জানান, শনিবার দিবাগত রাতে এক কলার ফোন করে দ্রুত আইনি সহায়তার চান। ৯৯৯ কলটেকার কনস্টেবল মুহাম্মদ রবিউল হাসান কলটি গ্রহণ করে তাৎক্ষণিকভাবে কচুয়া থানাকে বিষয়টিতে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। বিষয়টি তদারক এবং সমন্বয় করেন ৯৯৯ ডিসপাচার এসআই আব্দুল বারী।
আনোয়ার সাত্তার আরও জানান, সংবাদ পেয়ে কচুয়া থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠায়। অভিযুক্ত আরমান শেখ ১০ বছরের শিশুটিকে একটি অটো গ্যারেজের পেছনে বাথরুমে জোর করে টেনে নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় কচুয়া থানার একটি দল অভিযুক্ত আরমান শেখকে কচুয়া থানাধীন দে-পাড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।