রাজধানীর শাহজাদপুরে নার্সের আত্মহত্যার অভিযোগ

রাজধানীর ভাটারা থানার খিলবাড়ির টেক এলাকায় লিলি বিশ্বাস (২৩) নামের এক নার্স (সেবিকা) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দুই তলা ভবনের নিচতলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

লিলি বিশ্বাসের বাবা লিটন বিশ্বাস জানান, তার মেয়ে নার্সিং পাস করে হলি ফ্যামিলি হাসপাতালে ইন্টার্ন করছিলেন। পাশাপাশি চাকরির চেষ্টায় করছিল। পরিবারের মা-বাবা দুজনই বাসার বাইরে ছিলেন, তার ছোট বোনও বাইরে ছিলেন।

তিনি বলেন, ‘বেলা ১১টার দিকে আমি (বাবা) বাসায় এসে মেয়ের রুমের দরজা বন্ধ অবস্থায় দেখতে পাই। পরবর্তীতে অনেক ধাক্কাধাক্কির পর দরজা খুলে রুমের গিয়ে দেখি মেয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তবে তার মেয়ে কী কারণে আত্মহত্যা করেছেন বলতে তা বলতে পারেননি তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

জানা গেছে, লিলি বিশ্বাস গোপালগঞ্জের লাখিরপাড় গ্রামের রংমিস্ত্রি লিটন বিশ্বাসের মেয়ে। বর্তমানে তিনি শাহজাদপুর খিলবাড়িটেক এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়।